উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১ নম্বর মরিচা ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং বীরগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মরিচা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১১ নম্বর মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস।
তিনি বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এটি শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, মানসিক বিকাশ ও ভবিষ্যতের স্বপ্নকে বাধাগ্রস্ত করে। একইভাবে শিশুশ্রম শিশুদের শৈশব কেড়ে নেয় এবং তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে। তাই প্রতিটি শিশুর নিরাপদ শৈশব, মানসম্মত শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা আমাদের সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব।
তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো অবস্থাতেই সন্তানদের অল্প বয়সে বিয়ে দেবেন না এবং শিশুশ্রমে জড়িয়ে পড়তে দেবেন না। শিশুদের বিদ্যালয়ে পাঠান এবং তাদের স্বপ্ন দেখতে উৎসাহিত করুন। একটি শিক্ষিত ও সচেতন প্রজন্মই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে।
তিনি আরও বলেন, আজকের এই ঘোষণা যেন শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং বাস্তব জীবনে এর প্রতিফলন ঘটে। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে এ অর্জন দীর্ঘস্থায়ী হবে এবং অন্য ইউনিয়নগুলোর জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার রবার্ট কমল সরকার ও প্রোগ্রাম অফিসার সাধন দাস।
অনুষ্ঠানে বক্তারা বাল্যবিবাহ ও শিশুশ্রমের ক্ষতিকর প্রভাব, নারী ও শিশু অধিকার, শিক্ষার গুরুত্ব এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখতে হবে।
এ সময় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিশু ফোরামের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং শিশুদের জন্য নিরাপদ, সুন্দর ও অধিকারভিত্তিক ভবিষ্যৎ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.