অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকটাসংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির সামুদ্রিক শোল মাছ। স্থানীয়ভাবে মাছটি ‘মথু’ বা ‘দাঁতিনা সুরমা’ নামেও পরিচিত।
সোমবার সকালে মাছটি আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের মেসার্স ফাইভ স্টার ফিশ আড়তে নিয়ে আসেন ট্রলারের মাঝি রুহুল আমিন। পরে প্রতি কেজি ৭০০ টাকা দরে মোট ১৪ হাজার টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী আব্দুর রহমান খান ও মো. সোহাগ আহমেদ।
ট্রলারের মাঝি রুহুল আমিন জানান, বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রায় নয় দিন গভীর সমুদ্রে মাছ ধরার সময় অন্যান্য মাছের সঙ্গে জালে ধরা পড়ে বিশাল আকৃতির সামুদ্রিক শোল মাছটি। ভালো দামে মাছটি বিক্রি করতে পেরে তিনি ও তার সহকর্মীরা খুশি।
মাছটির ক্রেতা আব্দুর রহমান খান ও মো. সোহাগ আহমেদ বলেন, এত বড় আকৃতির সামুদ্রিক শোল সচরাচর ধরা পড়ে না। তাই মাছটি যৌথভাবে কিনে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “সামুদ্রিক শোল গভীর সমুদ্রে বসবাসকারী একটি বিরল প্রজাতির মাছ। অনুকূল পরিবেশে এদের আকার অনেক বড় হতে পারে। এ ধরনের বড় মাছ ধরা পড়লে উপকূলের জেলেরা আর্থিকভাবে লাভবান হন।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.