সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে হযরত আলী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের পানাগাড়ী বাঘগাড়িপাড়া গ্রামের নুর হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২০ জুলাই) সকাল আনুমানিক ৬টার দিকে বাড়ির পাশের বন্যার পানিতে চায়না জাল দিয়ে মাছ ধরতে যান হযরত আলী। কিছুক্ষণ পর জাল তুলতে গিয়ে এর মধ্যে একটি সাপ দেখতে পান। জাল থেকে সাপটি ছাড়ানোর সময় অসাবধানতাবশত সেটি তাকে কামড় দেয়।
প্রতিবেশী আব্দুস সালাম জানান, প্রথমে সাপটিকে বিষহীন ধোড়া সাপ মনে করে বিষয়টিকে গুরুত্ব দেননি হযরত আলী। কিছুক্ষণ পর শরীরে ব্যথা ও অসুস্থতা অনুভব করলে তিনি স্থানীয় এক ওঝার কাছে যান। পরে অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে যমুনা নদী পার হয়ে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাপটির পরিচয় নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা রয়েছে। কেউ এটিকে দাড়াশ সাপ, আবার কেউ রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) বলে ধারণা করছেন। তবে চিকিৎসক বা বন বিভাগের পক্ষ থেকে সাপটির প্রজাতি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।
কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেল বলেন, “রোগীকে সাপে কাটার প্রায় ছয় ঘণ্টা পর হাসপাতালে আনা হয়। ততক্ষণে বিষক্রিয়া শরীরে ছড়িয়ে পড়েছিল। আমরা অ্যান্টিভেনম দিয়েছি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার করা হয়।”
তিনি আরও বলেন, “সাপে কামড়ালে ওঝার কাছে না গিয়ে যত দ্রুত সম্ভব হাসপাতালে এলে রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.