মনিরামপুর (যশোর) প্রতিনিধি
ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে যশোরের মনিরামপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিচিত খাদ্যপণ্য বিক্রয় প্রতিষ্ঠান বনফুল অ্যান্ড কোং-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তথ্যবিহীন খাদ্যপণ্য বিক্রি এবং নষ্ট দই সংরক্ষণ ও বিক্রির অভিযোগে সোমবার (২০ জুলাই) বিকেলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপকের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৩টার দিকে মনিরামপুর বাজারে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বনফুল অ্যান্ড কোংয়ের বিক্রয়কেন্দ্রে বিভিন্ন খাদ্যপণ্যে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং প্রয়োজনীয় লেবেলিংয়ের ঘাটতি পাওয়া যায়। এছাড়া ফ্রিজে সংরক্ষিত কিছু দই নষ্ট হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছিল, যা ভোক্তার স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে প্রতীয়মান হয়।
এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক আবু মুছা হৃদয় (২৮)-কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তিনি যশোর সদর উপজেলার বলরামপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।
অভিযান পরিচালনা করেন মনিরামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন। তিনি বলেন, “খাদ্য শুধু একটি পণ্য নয়, এটি মানুষের সুস্বাস্থ্য ও জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। কোনো ব্যবসায়ী মুনাফার জন্য মানুষের স্বাস্থ্য নিয়ে ঝুঁকি সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অঙ্গীকার, আর সেই অঙ্গীকার বাস্তবায়নে উপজেলা প্রশাসনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে চলবে।”
তিনি আরও বলেন, “ব্যবসায়ীদের প্রতি আমাদের আহ্বান—আইন মেনে প্রতিটি খাদ্যপণ্যে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) স্পষ্টভাবে উল্লেখ করে নিরাপদ খাদ্য বিক্রি করুন। এতে যেমন ভোক্তার আস্থা বাড়বে, তেমনি ব্যবসার সুনামও অক্ষুণ্ন থাকবে।”
জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে মিষ্টি, বেকারি পণ্যসহ সব ধরনের খাদ্যসামগ্রীতে বাধ্যতামূলকভাবে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) স্পষ্টভাবে উল্লেখ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় মনিরামপুর থানার একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য রক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.