আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত মনজুর হোসেনের বাড়িতে সংঘটিত চুরির ঘটনার মাত্র একদিনের মধ্যেই চুরি হওয়া মালামাল উদ্ধার এবং চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ।
সোমবার (২০ জুলাই) সকালে গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন আলফাডাঙ্গা পৌরসভার কুসুমদী এলাকার হাফিজুর মোল্যার ছেলে আলাউদ্দিন (২৪), কামাল শিকদারের ছেলে লিজন শিকদার (১৮) এবং তাহের মুন্সীর ছেলে ইউসুফ মুন্সী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) দিবাগত গভীর রাতে আলফাডাঙ্গা পৌরসভার কুসুমদী কলেজ রোড এলাকায় অবস্থিত প্রয়াত সংসদ সদস্য মনজুর হোসেনের বাড়িতে চুরির ঘটনা ঘটে। সে সময় পরিবারের সদস্যরা ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িতে শুধু কেয়ারটেকার থাকায় সুযোগ নিয়ে চোরেরা ছাদের চিলেকোঠার দরজা কেটে ঘরে প্রবেশ করে মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।
পরদিন রোববার (১৯ জুলাই) সকালে বাড়ির কেয়ারটেকার আব্দুল্লাহ শেখ বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় চোর শনাক্ত ও মালামাল উদ্ধারে অভিযান শুরু করে।
সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) আজম খান-এর নির্দেশনায় আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান-এর তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আল-আমিন-এর সার্বিক সহযোগিতায় এসআই সুমিত মজুমদার-এর নেতৃত্বে রোববার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে চুরি হওয়া দুটি ২ টনের জেনারেল ব্র্যান্ডের এসির ইনডোর ইউনিট, একটি ওয়ালটন ব্র্যান্ডের মাইক্রোওয়েভ ওভেন এবং একটি পানির মোটর উদ্ধার করা হয়।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযান পরিচালনা করা হয়। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই চুরির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.