ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচারের পর ভুল চিকিৎসার অভিযোগে আয়েশা আফরিন (১৭) নামে এক কলেজছাত্রীর মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি তদন্তে জেলা স্বাস্থ্য বিভাগ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এদিকে অভিযোগের পর সংশ্লিষ্ট চিকিৎসক আত্মগোপনে রয়েছেন বলে দাবি করেছেন স্বজনরা।
নিহত আয়েশা আফরিন ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং সদরপুর উপজেলার কৈলাশের ডাঙ্গী গ্রামের প্রবাসী লিটন মাতুব্বরের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে তীব্র পেটব্যথা শুরু হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থিত আল জারা প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা অ্যাপেন্ডিসাইটিস শনাক্ত করে রাত সাড়ে ১০টার দিকে অস্ত্রোপচার করেন।
স্বজনদের অভিযোগ, অস্ত্রোপচারের পরপরই আয়েশার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে রাত ৩টার দিকে তাকে শহরের টেপাখোলা এলাকার রেজোয়ান মোল্লা হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের মা আলেয়া বেগম বলেন, "আমার সুস্থ মেয়েটাকে ভুল চিকিৎসা দিয়ে মেরে ফেলেছে। আমি এর সুষ্ঠু বিচার ও দোষীদের কঠোর শাস্তি চাই।"
স্বজনদের অভিযোগ, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের এক চিকিৎসক অস্ত্রোপচারটি করেন। তবে রোগীর মৃত্যুর পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন এবং তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।
এ বিষয়ে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, "ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তে কোনো ধরনের অবহেলা বা গাফিলতির প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।"
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.