স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের সদর উপজেলার রামচন্দ্রপুর (পাচুড়িয়াপাড়া) গ্রামে পাঁচ বছরের শিশু জান্নাতুলকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত রবিউল ইসলাম রবি (৩৫)-কে আটক করেছে নড়াইল সদর থানা পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আউড়িয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রবিউল ইসলাম রবি একই গ্রামের আতিয়ার শিকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার সন্ধ্যায় রবিউল শিশু জান্নাতুলকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা করে। পরিবারের সদস্যরা তার ঘর থেকে কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই রবিউল পলাতক ছিল।
মঙ্গলবার সকালে দত্তপাড়া এলাকায় স্থানীয় লোকজন তাকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, “আটককৃত রবিউল ইসলামকে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
নিহত জান্নাতুল রাজমিস্ত্রী মফিজুর শেখের একমাত্র মেয়ে ছিল। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.