নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে কোর্ট পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া ডাকাতিসহ ৩২ মামলার আসামি মো. সম্রাট মণ্ডলকে (২৮) পালানোর প্রায় ১০ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (২১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১-এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইফতেখার আহমেদ।
গ্রেপ্তার সম্রাট মণ্ডল জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তাকতাপাড়া এলাকার বাসিন্দা। সোমবার রাত ১২টার দিকে ময়মনসিংহের কোতোয়ালি থানার কাশর এলাকা থেকে র্যাব-১ ও র্যাব-১৪-এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, সোমবার দুপুর ২টার দিকে গাজীপুর আদালতের কোর্ট পুলিশের গারদখানার রিসিভ ডেস্কে সিরিয়ালে দাঁড়িয়ে থাকা অবস্থায় সম্রাট কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যায়। এ ঘটনায় গাজীপুর সদর থানায় কোর্ট পুলিশের এসআই মঞ্জুরুল ইসলাম একটি মামলা দায়ের করেন।
কোম্পানি কমান্ডার ইফতেখার আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ ও র্যাব-১৪ যৌথভাবে অভিযান চালিয়ে ময়মনসিংহের কোতোয়ালি থানার কাশর এলাকা থেকে সম্রাটকে গ্রেপ্তার করে। পরে তাকে গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে, গত রোববার রাতে গাজীপুরের গাছা থানার কুনিয়া মধ্যপাড়া এলাকার একটি আটতলা ভবনের ভাড়া বাসা থেকে সম্রাট মণ্ডলসহ চারজনকে গ্রেপ্তার করেছিল র্যাব। অপর গ্রেপ্তাররা হলেন আলামিন ইসলাম (৩৮), শহীদুল ওরফে মনসুর (৪০) এবং মো. আমিন মিয়া (২৮)। র্যাবের তথ্যমতে, সম্রাটের বিরুদ্ধে ডাকাতিসহ মোট ৩২টি মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.