স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর (পাচুড়িয়াপাড়া) গ্রামের ৫ বছরের শিশু জান্নাতুল ফেরদৌসকে ধর্ষণের পর হত্যার অভিযোগে আটক রবিউল ইসলামের (৩৫) ফাঁসির দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে নড়াইল। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বিক্ষোভকারীরা পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করেন এবং নড়াইল-মাগুরা মহাসড়কসহ কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করে রাখেন।
জানা যায়, মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন অভিযুক্ত রবিউল ইসলামকে দত্তপাড়া এলাকা থেকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। পুলিশ তাকে মাইক্রোবাসে করে পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়ার সময় টার্মিনাল চত্বরে ছাত্র-জনতা ও সাধারণ মানুষ গাড়ির গতিরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে বিক্ষোভকারীরা পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে অভিযুক্তকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় এবং তার ফাঁসির দাবিতে স্লোগান দেয়।
একপর্যায়ে বিক্ষোভকারীরা নড়াইল-মাগুরা মহাসড়ক অবরোধ করে। বৃষ্টির মধ্যেও কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের দত্তপাড়া এলাকায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন তারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অবশেষে অতিরিক্ত পুলিশ পাহারায় অভিযুক্ত রবিউল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়েছে।
নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানার ওসি হাবিল হোসেন জানান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রকিবুল হাসান বিক্ষোভকারীদের দ্রুত বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শিশু জান্নাতুলের এই নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.