মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
‘লেনদেন হবে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার মহম্মদপুরকে ক্যাশলেস স্মার্ট টাউনে রূপান্তরের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি, মহম্মদপুর উপ-শাখার উদ্যোগে সচেতনতামূলক র্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১১টায় মহম্মদপুর উপ-শাখা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
মাগুরা শাখার ব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপক মো. ছালামুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মহম্মদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদমান আকিফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অব.) মো. মতিউর রহমান, আমিনুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমান, কাজী সালিমাহক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস. এম. ইউনুচ আলী এবং মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহম্মেদ।
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান সঞ্চালনা করেন মহম্মদপুর উপ-শাখার ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার সৈয়দ দীদার আলী।
স্বাগত বক্তব্যে তিনি বলেন, নিরাপদ, দ্রুত ও স্বচ্ছ আর্থিক লেনদেন নিশ্চিত করতে ক্যাশলেস ব্যাংকিংয়ের কোনো বিকল্প নেই। তিনি গ্রাহক ও ব্যবসায়ীদের ডিজিটাল ব্যাংকিং এবং বাংলা কিউআরভিত্তিক লেনদেন ব্যবস্থার প্রতি আরও বেশি আগ্রহী হওয়ার আহ্বান জানান।
প্রধান অতিথি মো. সাদমান আকিফ বলেন, ক্যাশলেস অর্থনীতির সুফল, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার নিরাপত্তা এবং এর প্রসারে সরকারের বিভিন্ন উদ্যোগ স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এ ধরনের উদ্যোগের প্রশংসা করে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে ক্যাশলেস কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক, ব্যবসায়ী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.