মো. শফিউল ইসলাম রনি, ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে গ্রাহক সেবা মাস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে ইসলামী ব্যাংক ভাণ্ডারিয়া শাখার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক মো. মজিবুর রহমান। স্বাগত বক্তব্য দেন শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. জাফর আলী।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর প্রধান কার্যালয়ের সহকারী ভাইস প্রেসিডেন্ট (এভিপি) মো. মনিরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আমীর হোসেন খান, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ বাদশা জোমাদ্দার, উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি এমদাদুল হক আরেফী, ভাণ্ডারিয়া কেন্দ্রীয় বাইতুল ইসলাম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জাকারিয়া আল ফরিদী এবং ব্যাংকের গ্রাহক আসমা আক্তার ইতি।
আলোচনা সভায় বক্তারা গ্রাহকসেবার মানোন্নয়ন, দ্রুত ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার সম্প্রসারণ এবং গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় ইসলামী ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তারা বলেন, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার পর থেকেই কল্যাণমুখী ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং সাধারণ মানুষের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে। গ্রাহকদের আরও উন্নত, দ্রুত ও সহজতর ব্যাংকিং সেবা নিশ্চিত করতে ব্যাংক কর্তৃপক্ষ সবসময় সচেষ্ট থাকবে।
অনুষ্ঠানে স্থানীয় সুধীজন, ব্যবসায়ী, গ্রাহক এবং ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.