শামীম শেখ,গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিপন্ন প্রজাতির একটি বড় আকৃতির ঢাই মাছ। ১০ কেজি ৮০০ গ্রাম ওজনের মাছটি শেষ পর্যন্ত ৫৮ হাজার ৩২০ টাকায় বিক্রি হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে দৌলতদিয়া ফেরিঘাট থেকে কয়েক কিলোমিটার ভাটিতে এক জেলের জালে মাছটি ধরা পড়ে। পরে সেটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটের ইউনুস মণ্ডলের আড়তে তোলা হলে নিলামের মাধ্যমে মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান কেজিপ্রতি ৫ হাজার ৩০০ টাকা দরে মোট ৫৭ হাজার ২৪০ টাকায় মাছটি কিনে নেন।
পরে তিনি মাছটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে সৌদি আরবপ্রবাসী চট্টগ্রামের বাসিন্দা জাহাঙ্গীর চৌধুরী তার সঙ্গে যোগাযোগ করেন। এরপর কেজিপ্রতি ৫ হাজার ৪০০ টাকা দরে মোট ৫৮ হাজার ৩২০ টাকায় মাছটি তার কাছে বিক্রি করা হয়। বিশেষ ব্যবস্থায় মাছটি চট্টগ্রামে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানান ব্যবসায়ী সম্রাট শাহজাহান।
তিনি বলেন, ঢাই মাছ অত্যন্ত সুস্বাদু এবং বিপন্ন প্রজাতির একটি মাছ। এটি মূলত সামুদ্রিক হলেও বর্ষা মৌসুমে মাঝে মধ্যে পদ্মা নদীতে ধরা পড়ে। বিরল হওয়ায় এ মাছের বাজারমূল্যও অনেক বেশি।
মাছটির আকার ও উচ্চমূল্যে বিক্রির খবর স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.