খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদা উপজেলায় বাড়ির সামনে রাখা একটি ভ্যানগাড়ি চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া ভ্যানটিই ছিল এক বৃদ্ধের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন। এ ঘটনায় তেরখাদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
থানায় দেওয়া অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, উপজেলার নাচুনিয়া গ্রামের বাসিন্দা নুর মোহাম্মদ (৯১) দীর্ঘদিন ধরে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। বুধবার (২২ জুলাই) ভোর আনুমানিক ৫টার দিকে প্রতিদিনের মতো ভ্যান চালানোর উদ্দেশ্যে তিনি ভ্যানগাড়িটি বাড়ি থেকে বের করে রাস্তার পাশে রেখে অল্প সময়ের জন্য জরুরি কাজে ঘরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন, সেখানে রাখা ভ্যানগাড়িটি নেই।
পরে তিনি আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও ভ্যানটির কোনো সন্ধান পাননি। তার অভিযোগ, অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা ভ্যানগাড়িটি চুরি করে নিয়ে গেছে।
ভুক্তভোগী নুর মোহাম্মদ জানান, ভ্যানগাড়িটিই তার পরিবারের আয়ের একমাত্র উৎস। ভ্যানটি হারিয়ে তিনি ও তার পরিবার চরম আর্থিক সংকটে পড়েছেন। ঘটনার পর আত্মীয়-স্বজনের সঙ্গে পরামর্শ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করায় কিছুটা বিলম্ব হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
অভিযোগে ঘটনার সাক্ষী হিসেবে উপজেলার মশুন্দিয়া গ্রামের তরিখ শেখ (৪০), পিতা কওসার শেখের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া স্থানীয় প্রতিবেশীরাও ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছেন বলে অভিযোগে বলা হয়েছে।
এ বিষয়ে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.