খুলনা প্রতিনিধি
সরকারের ‘গ্রাম হবে শহর’ কর্মসূচির আওতায় খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের টিপনা গ্রামে দৃশ্যমান উন্নয়ন ঘটেছে। আধুনিক সড়ক, ড্রেনেজ ব্যবস্থা ও বিভিন্ন নাগরিক সুবিধা যুক্ত হওয়ায় গ্রামটি এখন উন্নয়নের দৃষ্টান্ত হিসেবে পরিচিত। তবে এ উন্নয়নের ধারায় এখনও যুক্ত হয়নি এলাকার অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়। প্রতিষ্ঠানটি এখনও সরকারীকরণের বাইরে থাকায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে দীর্ঘদিনের আক্ষেপ রয়ে গেছে।
স্থানীয়দের মতে, অবকাঠামোগত উন্নয়ন যতই হোক, শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি না হলে একটি গ্রামের উন্নয়ন পূর্ণতা পায় না। তাই বিদ্যালয়টিকে দ্রুত সরকারীকরণের আওতায় আনার দাবি জোরালো হচ্ছে।
এলাকার প্রবীণ সমাজসেবক শেখ আবুল হোসেন বলেন, “টিপনা গ্রাম এখন অবকাঠামোগতভাবে একটি মডেল গ্রামে পরিণত হয়েছে। কিন্তু শিক্ষার প্রধান প্রতিষ্ঠানটি এখনও সরকারি হয়নি। এই অঞ্চলের অসংখ্য মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের সন্তান এখানে পড়াশোনা করে। বিদ্যালয়টি সরকারি হলে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা স্বল্প ব্যয়ে মানসম্মত শিক্ষা লাভের সুযোগ পাবে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিয়ার রহমান বলেন, “খর্নিয়া ইউনিয়নসহ পুরো ডুমুরিয়া উপজেলার অন্যতম প্রাচীন ও সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান এটি। পাবলিক পরীক্ষায় ধারাবাহিকভাবে ভালো ফলাফল করছে বিদ্যালয়টি। সরকারীকরণ হলে শিক্ষার্থীরা আরও উন্নত শিক্ষা ও সুযোগ-সুবিধা পাবে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।”
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আমজাদ হোসেন বলেন, “এলাকার শিশুদের শিক্ষার আলো পৌঁছে দিতে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছিল। দীর্ঘদিন ধরে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের সহযোগিতায় প্রতিষ্ঠানটি ভালো ফলাফল ধরে রেখেছে। বিদ্যালয়টি সরকারি হলে ‘গ্রাম হবে শহর’ কর্মসূচির প্রকৃত সফলতা আরও সুদৃঢ় হবে।”
ডুমুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিবাশীষ বিশ্বাস বলেন, “বিদ্যালয়টির অবকাঠামো, শিক্ষার পরিবেশ ও সার্বিক কার্যক্রম সন্তোষজনক। সরকারীকরণ একটি নীতিগত বিষয়। বিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করলে উপজেলা শিক্ষা অফিস থেকে যথাযথ প্রক্রিয়ায় শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হবে।”
ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সবিতা সরকার বলেন, “টিপনা গ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে। তবে শিক্ষার উন্নয়ন ছাড়া একটি গ্রামের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। বিদ্যালয়টি সরকারীকরণের দাবিকে আমরা ইতিবাচকভাবে দেখছি। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হবে।”
খুলনা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এম. ছায়েদুর রহমান বলেন, “সরকারের নীতিমালা অনুযায়ী মাধ্যমিক বিদ্যালয় সরকারীকরণ করা হয়। উপজেলা পর্যায় থেকে প্রয়োজনীয় প্রস্তাব ও পরিদর্শন প্রতিবেদন এলে বিদ্যালয়টির ভৌগোলিক অবস্থান, শিক্ষার্থীর সংখ্যা, ভূমির মালিকানাসহ সংশ্লিষ্ট বিষয় যাচাই করে তা অগ্রাধিকার ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।”
স্থানীয় অভিভাবক ও সচেতন নাগরিকদের প্রত্যাশা, টিপনা গ্রামের উন্নয়নের ধারাবাহিকতায় দ্রুত টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়কে সরকারীকরণের আওতায় এনে এলাকার শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.