কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের কচুয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না রিং জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য বিভাগ।
বুধবার (২২ জুলাই) দুপুরে কচুয়া থানার পুলিশের সহযোগিতায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলামের উপস্থিতিতে ২৮টি নিষিদ্ধ চায়না রিং জাল ধ্বংস করা হয়। জব্দ করা জালগুলোর আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।
জানা যায়, উপজেলার কাদলা ইউনিয়নের নোয়াদ্দা গ্রামে নিষিদ্ধ চায়না রিং জাল ক্রয়-বিক্রয়ের সময় স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পরে কচুয়া থানার এএসআই মো. মফিজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে জালগুলো জব্দ করেন এবং এ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, “চায়না রিং জাল পরিবেশ ও দেশের মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের জাল ছোট মাছ ও ডিমওয়ালা মা মাছ নির্বিচারে নিধন করে। তাই এ জালের ব্যবহার আইনত নিষিদ্ধ।”
তিনি আরও জানান, মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানকে স্বাগত জানিয়ে স্থানীয় মৎস্যজীবীরা বলেন, অবৈধ জাল উদ্ধার ও ধ্বংসের এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালিত হলে দেশের মৎস্যসম্পদ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.