শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় একটি বেসরকারি হাসপাতালের বাথরুম থেকে হাসিনা খানম রিক্তা (৩৪) নামে এক নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে উপজেলার রায়েন্দা এলাকার গ্রামীণ জেনারেল হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হাসিনা খানম রিক্তা উপজেলার উত্তর তাফালবাড়ী গ্রামের জসিম হাওলাদারের স্ত্রী। তার গ্রামের বাড়ি নড়াইল জেলায়। তিনি রফিক শেখের মেয়ে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, ভোর রাতে হাসিনা খানম বাথরুমে যান। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাইরে না আসায় সহকর্মীরা ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে বিষয়টি শরণখোলা থানায় জানানো হয়। পরে পুলিশ এসে বাথরুমের দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রায়েন্দা গ্রামীণ জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলীম আল রেজা মুক্তি জানান, ঘটনার পরপরই পুলিশকে খবর দেওয়া হয় এবং তাদের উপস্থিতিতে দরজা ভেঙে ভেতর থেকে নার্সকে উদ্ধার করা হয়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, ঘটনাস্থলে মরদেহের পাশে মাদকজাতীয় ইনজেকশন ও সিরিঞ্জ পাওয়া গেছে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, হাসিনা খানম দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যার পাশাপাশি মাদকাসক্ত ছিলেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.