জুলফিকার বাবলু, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া এলাকার জামাই বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল দিওর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি টিনশেড গুদাম থেকে ৯৩ বস্তায় রাখা মোট ৮৬২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ ৮৬ হাজার টাকা, যা প্রায় ২৬ লাখ টাকার সমপরিমাণ।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জামাই বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় প্রকাশ্যে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের কেনাবেচা চলছিল। এসব জাল ব্যবহার করে নদ-নদী, খাল-বিল ও উন্মুক্ত জলাশয়ে নির্বিচারে মাছ ও মাছের পোনা আহরণ করায় দেশীয় মাছের প্রজনন, জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক মৎস্যসম্পদ মারাত্মক হুমকির মুখে পড়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল দিওর বলেন, “মৎস্যসম্পদ রক্ষা এবং দেশীয় মাছের প্রজনন নিশ্চিত করতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ জাল বিক্রি, মজুত বা ব্যবহারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জব্দ করা ৯৩ বস্তার ৮৬২টি জাল বিধি অনুযায়ী পরবর্তীতে ধ্বংস করা হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.