আবিদ হাসান, মানিকগঞ্জ
মানিকগঞ্জ সদর থানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেনের অফিস কক্ষ সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় টেলিভিশন, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার(২৩ জুলাই) বিকেল ৪টার দিকে সদর থানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল ৩টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ১০ থেকে ১৫ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আগুনে ওসির কক্ষে থাকা টেলিভিশন, এসি এবং বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর স্টেশনের স্টেশন অফিসার আদম আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কক্ষে থাকা একটি টেলিভিশন থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। এতে আনুমানিক ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারায় তা থানার অন্য কক্ষে ছড়িয়ে পড়েনি।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, “আমি অফিস কক্ষ থেকে বের হয়ে পুলিশ অফিসে যাওয়ার কিছুক্ষণ পর খবর পাই আমার কক্ষে আগুন লেগেছে। ঘটনাস্থলে এসে দেখি অফিস কক্ষের সবকিছু পুড়ে গেছে। টেলিভিশন, এসি ও অফিসের বিভিন্ন আসবাবপত্র আগুনে নষ্ট হয়েছে। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.