আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলীতে স্বামীর পরকীয়ার প্রতিবাদকে কেন্দ্র করে সুপ্রিয়া রানী (৩২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামীকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে উপজেলার হরিমৃত্যুঞ্জয় গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, নিহতের মা দেপালী রানী বাদী হয়ে আমতলী থানায় জামাতা অজয় চন্দ্র হাওলাদারকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পর শুক্রবার দুপুরে অজয় চন্দ্রের বড় বোন রমা রানী হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, ২০১২ সালে গাজীপুর বন্দরের বাসিন্দা বিমল বেপারীর মেয়ে সুপ্রিয়া রানীর সঙ্গে আমতলী উপজেলার হরিমৃত্যুঞ্জয় গ্রামের অজয় চন্দ্র হাওলাদারের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় সুপ্রিয়ার ওপর নির্যাতন চালানো হতো। গত কয়েক বছর ধরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় তাকে প্রায়ই মারধর করা হতো বলে অভিযোগ করেন স্বজনরা।
নিহতের পরিবারের দাবি, বৃহস্পতিবার রাতে এ বিষয় নিয়ে দাম্পত্য কলহের একপর্যায়ে সুপ্রিয়াকে মারধর করা হয়। পরে তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযোগ রয়েছে, মৃত্যুর খবর জানার পর স্বামী ও তার স্বজনরা হাসপাতালেই মরদেহ রেখে চলে যান।
নিহতের ১১ বছর বয়সী মেয়ে মিথিলা দাবি করেছে, তার বাবাই মাকে মারধর করেছেন। তবে এ অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
নিহতের মা দেপালী রানী অভিযোগ করেন, তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. নাজমুল হাসান রাহাত বলেন, হাসপাতালে আনার আগেই সুপ্রিয়া রানীর মৃত্যু হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, হত্যা মামলা রুজু হয়েছে। একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.