নিজস্ব প্রতিবেদক,গাজীপুর
গাজীপুরের কালীগঞ্জে বাল্যবিয়ের আয়োজনের দায়ে কনের বাবাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুনশুরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
জানা যায়, মুনশুরপুর গ্রামের রাকিব হোসেন তার ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত কন্যা চাঁদনী আক্তারের (জন্ম নিবন্ধন অনুযায়ী জন্মতারিখ ১২ অক্টোবর ২০১৪) সঙ্গে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের খৈসাইর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে আরিফ মিয়ার বিয়ের আয়োজন করেন। অভিযোগ রয়েছে, জন্ম নিবন্ধনে কনের বয়স কম থাকায় নোটারি পাবলিকের মাধ্যমে বয়স বাড়িয়ে ১০ অক্টোবর ২০০৭ দেখানো হয়।
শুক্রবার দুপুরে বরপক্ষ কনের বাড়িতে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেয়।
পরে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারায় অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের আয়োজনের অপরাধে কনের বাবা রাকিব হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম এবং কালীগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.