আবিদ হাসান, মানিকগঞ্জ প্রতিনিধি
পদ্মা, যমুনাসহ দেশের বিভিন্ন নৌপথে চাঁদাবাজি, সন্ত্রাস, ডাকাতি ও প্রশাসনিক হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন বাংলাদেশ বাল্কহেড ড্রেজার মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা। দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে দেশব্যাপী কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
শনিবার (২৫ জুলাই) দুপুরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ধুলশুড়া এলাকার পদ্মা নদীর তীরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাল্কহেড নৌযানের মালিক, শ্রমিক ও সংগঠনের নেতারা অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বাল্কহেড ড্রেজার ব্যবসায়ী সুরুজ খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী মোহাম্মদ মারফত আলী মিয়াজী।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দেশের নৌপথে সংঘবদ্ধ চাঁদাবাজি, সন্ত্রাস ও ডাকাতির কারণে বাল্কহেড নৌযানের মালিক-শ্রমিকরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। নৌযান চলাচলে বাধা, চাঁদা দাবি ও ডাকাতির ঘটনায় ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়েছে।
তারা আরও বলেন, বিআইডব্লিউটিএর টোল, ট্যাক্স ও চ্যানেল চার্জের নামে অতিরিক্ত অর্থ আদায়ের ফলে নৌপরিবহন খাতে ব্যয় বাড়ছে। এছাড়া নৌযানের সনদপত্র তদারকির নামে অযথা হয়রানি, মিথ্যা মামলা ও প্রশাসনিক জটিলতা সৃষ্টি করা হচ্ছে, যা মালিক-শ্রমিকদের জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে নৌপথে চাঁদাবাজি, সন্ত্রাস ও ডাকাতি বন্ধ করে নিরাপদ নৌযান চলাচল নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ না নিলে বাংলাদেশ বাল্কহেড ড্রেজার মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের ব্যানারে দেশব্যাপী ধারাবাহিক ও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন।
এ সময় আরও বক্তব্য দেন বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. গফুর মোল্লা, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, কেন্দ্রীয় নেতা হুমায়ুন আহম্মেদ, হিসাবরক্ষক আবুল বাসার, মুন্সিগঞ্জ বাল্কহেড মালিক সমিতির প্রতিনিধি জামাল খান এবং বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সবুজ শিকদার মাস্টার।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.