শরনখোলা (বাগেরহাট) প্রতিনিধি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, স্বাস্থ্যসেবা সহজলভ্য ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে শিগগিরই দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি চিকিৎসক সংকট নিরসনেও নতুন নিয়োগ দেওয়া হবে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা সরেজমিনে দেখতেই দেশের বিভিন্ন হাসপাতাল আকস্মিকভাবে পরিদর্শন করা হচ্ছে। তিনি জানান, ইতোমধ্যে দেশের সব উপজেলা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে এবং অদূর ভবিষ্যতে প্রতিটি উপজেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট চালুর উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, “গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার স্বাস্থ্যসেবা খাতে তেমন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। বর্তমানে প্রয়োজনীয় ওষুধ, পরিবার পরিকল্পনা সামগ্রী ও ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে।”
পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. গোলাম বাতেন, পুলিশ সুপার হাসান মো. রিকাবদার, শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েতসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অনুপস্থিতিসহ বিভিন্ন অনিয়ম দেখতে পেয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.