কচুয়া(বাগেরহাট) প্রতিনিধি
কচুয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য, প্রবীণ সাংবাদিক এবং শহীদ আব্দুল জলিল মাধ্যমিক বিদ্যালয় ও মঘিয়া আলিম মাদ্রাসার সাবেক শিক্ষক এস. ওয়াজেদ আলীর জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বাদ আসর বাগেরহাটের কচুয়া উপজেলার খলিশাখালী ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
এর আগে শনিবার সকাল সাড়ে ৭টায় ক্যান্সারসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
মরহুম এস. ওয়াজেদ আলী বাগেরহাট জেলার কচুয়া উপজেলার খলিশাখালী গ্রামের বাসিন্দা ছিলেন। সাংবাদিকতা ও শিক্ষকতা পেশায় দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি স্থানীয়ভাবে সুনাম অর্জন করেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মসিউর রহমান, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. শহিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাসসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
তাঁর মৃত্যুতে কচুয়া প্রেসক্লাবসহ স্থানীয় সাংবাদিক সমাজ ও সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.