দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কোর্ট রেলওয়ে স্টেশনে বাবা ও ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে ট্রেনের এক স্টাফের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ যাত্রী ও স্থানীয়রা ট্রেন আটকে বিক্ষোভ করলে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন শফিউল আলম সুমন (৪০) ও তার বাবা আব্দুর রহিম (৬৫)।
আহত শফিউল আলম সুমনের অভিযোগ, অসুস্থ মাকে নিয়ে কোর্ট স্টেশন থেকে ট্রেনে ওঠার সময় ট্রেনের এক স্টাফ তাদের বাধা দেন। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে ওই স্টাফ ছুরি দিয়ে তাকে ও তার বাবাকে আঘাত করেন।
ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা ও যাত্রীরা ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ শুরু করেন। এ সময় ট্রেনের লোকোমাস্টার ও পরিচালক ঘটনাস্থল ছেড়ে চলে যান বলে অভিযোগ ওঠে। এতে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইতি খাতুন বলেন, তদন্তের আগে এ ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন অর রশিদ এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তারা ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করেন। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.