দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
বৃহত্তর কুষ্টিয়ার সাংবাদিকতার পথিকৃৎ ও নির্ভীক কণ্ঠস্বর হিসেবে পরিচিত সাংবাদিক ওয়ালিউল বারী চৌধুরীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় শহরের একটি বেসরকারি সংস্থার মিলনায়তনে ‘সাংবাদিকতার পথিকৃৎ ও নির্ভীক কণ্ঠস্বর’ শীর্ষক এ স্মরণসভার আয়োজন করা হয়।
স্মরণসভায় গবেষক ও লেখক প্রফেসর ড. আবুল আহসান চৌধুরী, গবেষক অ্যাডভোকেট লালিম হক, অ্যাডভোকেট কেজি মোস্তফা, ডা. মুসা কবির, সাংবাদিক আবদুর রশিদ চৌধুরী, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমদ, ব্যবসায়ী নেতা এস এম কাদেরী শাকিলসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন বক্তব্য দেন।
বক্তারা বলেন, ওয়ালিউল বারী চৌধুরী শুধু একজন সাংবাদিক বা সম্পাদকই ছিলেন না, তিনি নিজেকে সাংবাদিকতার একটি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি ছিলেন ভাষা আন্দোলনের সৈনিক, মহান মুক্তিযুদ্ধের সংগঠক এবং সমাজহিতৈষী ব্যক্তিত্ব।
আলোচনায় বক্তারা আরও উল্লেখ করেন, ১৯৭১ সালের ১৫ এপ্রিল ভারত থেকে তিনি ‘স্বাধীন বাংলা’ নামে একটি পত্রিকা প্রকাশ করেন, যা কুষ্টিয়াসহ আশপাশের অঞ্চলের মুক্তিযোদ্ধাদের মনোবল জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর আগে ১৯৬৩ সালে তিনি ‘মশাল’ নামে একটি প্রকাশনা শুরু করেন। স্বাধীনতার পর তাঁর সম্পাদনায় প্রকাশিত সাপ্তাহিক ‘ইস্পাত’ এ অঞ্চলে স্বাধীন সাংবাদিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং অসংখ্য সংবাদকর্মী তৈরির সূতিকাগার হিসেবে পরিচিতি লাভ করে।
বক্তারা বলেন, ওয়ালিউল বারী চৌধুরীর আদর্শ, সততা ও নির্ভীক সাংবাদিকতা বর্তমান প্রজন্মের সংবাদকর্মীদের জন্য অনুকরণীয় এবং তাঁর জীবনদর্শন সাংবাদিকতার ক্ষেত্রে আলোকবর্তিকা হয়ে থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.