কুবি প্রতিনিধি
জুলাই আন্দোলনে শহীদদের স্মরণ এবং তাঁদের রুহের মাগফিরাত কামনায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার উদ্যোগে দোয়া মাহফিল ও ইসলাহী ইজতেমা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি ঈমান ও আমলের গুরুত্ব, শরিয়তের বিভিন্ন বিষয় এবং ইসলামী জীবনব্যবস্থা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে কুরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনার আহ্বান জানান। আলোচনা শেষে জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
পরে বিজয়-২৪ হলের শিক্ষার্থীদের জন্য ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি মেডিকেল বক্স’-এর উদ্বোধন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, “বিশ্ববিদ্যালয়ের ছাত্রজীবনে বৈরী পরিবেশে ঈমান নিয়ে মহান আল্লাহ তাআলার ইবাদত করার পুরস্কার অন্য পরিবেশে আমল করার তুলনায় বেশি হবে।” তিনি আরও বলেন, “ইসলামকে ধারণ করে গ্র্যাজুয়েট হও। ইসলামকে সঙ্গে নিয়ে মানুষের মতো মানুষ হও। তাহলে দুনিয়া ও আখিরাতে মহান আল্লাহ তোমাদের পুরস্কৃত করবেন।”
তিনি তাঁর বক্তব্যে দেশে দুর্নীতি ও সামাজিক অবক্ষয়ের প্রসঙ্গও তুলে ধরেন।
জানা গেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক অনুমতি ছাড়া মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ক্যাম্পাসে প্রবেশ করলেও তাঁর সঙ্গে আসা নেতাকর্মীদের ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আসরের নামাজ আদায় করেন।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন অনুমতি দিতেও পারে, নাও দিতে পারে—এটি তাদের এখতিয়ার। এর সঙ্গে অন্য কোনো বিষয়ের সম্পর্ক আছে বলে আমি মনে করি না। আমি কারও বিরুদ্ধে কথা বলিনি। আমি শুধু এমন কিছু ফরজ বিষয় নিয়ে কথা বলেছি, যেগুলো মানুষ অবহেলা করে। আমাদের স্থায়ী কোনো শত্রু বা স্থায়ী কোনো বন্ধু নেই। কেউ যদি অন্যায় থেকে তওবা করে, তবে সে আমার বন্ধু। আর কেউ খারাপ কাজে লিপ্ত হলে সে আমার শত্রু।”
কুবি শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আবছার উদ্দিন ইফতি বলেন, “অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকদের প্রতি আমরা কৃতজ্ঞ। জুলাই শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি মেডিকেল বক্স’ স্থাপন করেছি। ভবিষ্যতেও শিক্ষার্থীবান্ধব এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.