ওমর ফারুক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাই উপজেলায় লিমন আলী (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) সকালে উপজেলার বান্দাইখাড়া বাজারের পূর্ব পাশে বিলীন হয়ে যাওয়া ফুটবল মাঠসংলগ্ন নদীর ধারে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত লিমন আলী উপজেলার বান্দাইখাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে লিমন নিজ কক্ষে ঘুমাতে যান। রোববার সকালে দীর্ঘ সময় পার হলেও তিনি দরজা না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন তারা।
স্বজনদের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে খবর পেয়ে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, "এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।" এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.