নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। অবকাঠামো উন্নয়ন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, ডেঙ্গু প্রতিরোধ, সড়ক-ড্রেন নির্মাণ, পানি সরবরাহ, স্বাস্থ্যসেবা, খাল পুনঃখনন, পরিবেশ উন্নয়ন ও নগর সৌন্দর্যবর্ধনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। এবারের বাজেটে কোনো নতুন কর বা হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি করা হয়নি।
রোববার (২৬ জুলাই) গাজীপুর সিটি করপোরেশনের নগর ভবনে আয়োজিত বাজেট ঘোষণা ও সংবাদ সম্মেলনে প্রশাসক মো. শওকত হোসেন সরকার বাজেট উপস্থাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানম, প্রধান প্রকৌশলী মো. আব্দুল বারেক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, সচিব (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ফিরোজ আল মামুন, স্টাফ অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. সোহেল রানা, হিসাবরক্ষণ কর্মকর্তা এস এম কিবরিয়া, বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, ওয়ার্ড সচিব, করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।
বাজেট বক্তব্যে প্রশাসক বলেন, গাজীপুর দেশের অন্যতম বৃহৎ শিল্পনগরী, যেখানে প্রায় ৫০ লাখ মানুষের বসবাস। সীমিত জনবল ও সম্পদ নিয়েও নগরবাসীকে উন্নত সেবা দিতে সিটি করপোরেশন নিরলসভাবে কাজ করছে।
তিনি জানান, আগামী অর্থবছরে সড়ক, ড্রেন ও ফুটপাত নির্মাণ ও সংস্কারে প্রায় ৩৭৫ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে। পরিবেশ উন্নয়ন, খাল পুনঃখনন, পার্ক ও উন্মুক্ত স্থান উন্নয়নে ১ হাজার ৬০৮ কোটি টাকা, পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনায় ১১২ কোটি টাকা এবং কল্যাণমূলক খাতে ৩৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
প্রশাসক বলেন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে ৩৭টি নতুন যানবাহন সংগ্রহের কার্যক্রম চলছে। পাশাপাশি নগরীর বিভিন্ন স্থানে ২০টি আধুনিক সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণ এবং স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনার জন্য জমি অধিগ্রহণের কাজ এগিয়ে চলছে। ভবিষ্যতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে।
ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে ইতোমধ্যে ১ লাখ ৫০ হাজার লিফলেট ও স্টিকার বিতরণ, ৫৭টি ওয়ার্ডে মাইকিং, শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কর্মসূচি এবং বিটিআই (BTI) বায়োপেস্টিসাইডের পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে বলেও জানান তিনি।
এছাড়া সিটি করপোরেশনের আওতাধীন ১৯টি খালের মধ্যে মোগর খাল ও চিলাই খালের পুনঃখনন শেষ হয়েছে এবং গাছা খালের পুনঃখননের কাজ চলছে। পর্যায়ক্রমে বাকি খালগুলোরও পুনঃখনন করা হবে।
স্বাস্থ্য খাতে সাফল্যের কথা তুলে ধরে প্রশাসক বলেন, এমআর টিকাদান কর্মসূচিতে গাজীপুর সিটি করপোরেশন জাতীয় পর্যায়ে প্রথম এবং টাইফয়েড টিকাদানে ঢাকা বিভাগে প্রথম স্থান অর্জন করেছে।
তিনি আরও জানান, টঙ্গীতে সিটি করপোরেশনের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এবং কোনাবাড়িতে নতুন একটি শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণকাজ শেষ হয়েছে। আগামী অর্থবছর থেকে সেখানে শিক্ষা কার্যক্রম শুরু হবে। এছাড়া ৫৭টি ওয়ার্ডে ৫৭টি খেলার মাঠ নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
প্রশাসক জানান, ২০২৬-২০২৭ অর্থবছরে কোনো ধরনের হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি করা হয়নি। পরবর্তী পুনর্মূল্যায়ন হবে ২০২৮-২০২৯ অর্থবছরে।
প্রস্তাবিত বাজেটে আয় ধরা হয়েছে ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকা, ব্যয় ২ হাজার ৪৮০ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা এবং সমাপনী স্থিতি ২ হাজার ৮২১ কোটি ৮৭ লাখ ৫৮ হাজার টাকা।
বাজেট শেষে প্রশাসক নগরবাসীর প্রতি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়তে সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, "এই শহর আমাদের সবার। নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়নই টেকসই হবে না।"
তিনি গণমাধ্যমের প্রতিও উন্নয়ন কার্যক্রমের ইতিবাচক প্রচার ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে সহযোগিতা কামনা করেন।
বাজেট ঘোষণার পর উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আশা প্রকাশ করেন, প্রস্তাবিত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে গাজীপুরে নাগরিক সেবা, যোগাযোগ ব্যবস্থা, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসেবা ও পরিবেশ ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য উন্নতি হবে এবং একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য মহানগর গড়ে উঠবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.