নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ট্রেজারার পদে বহিরাগত নয়, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষক পরিষদ থেকে যোগ্য শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
রোববার (২৬ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা তাদের দাবিসংবলিত বিভিন্ন ফেস্টুন প্রদর্শন করেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদটি শূন্য থাকায় প্রশাসনিক ও আর্থিক বিভিন্ন কার্যক্রমে জটিলতা সৃষ্টি হচ্ছে। তাই দক্ষ অ্যাকাডেমিশিয়ান, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে একজন যোগ্য ব্যক্তিকে ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানান তারা।
শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হওয়ার মতো যোগ্য শিক্ষক থাকা সত্ত্বেও ট্রেজারার পদে বহিরাগত শিক্ষক নিয়োগের যৌক্তিকতা নেই। তাদের দাবি, যেসব শিক্ষক অতীতে বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন, তাদের যথাযথ মূল্যায়ন করা উচিত।
তারা আরও বলেন, বাইরের কোনো বিশ্ববিদ্যালয় থেকে ট্রেজারার নিয়োগ দিলে প্রতিষ্ঠানের প্রতি তার দায়বদ্ধতা তুলনামূলক কম থাকে। পাশাপাশি নতুন কেউ দায়িত্ব গ্রহণ করলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, প্রশাসনিক কাঠামো ও বাস্তবতা বুঝতে দীর্ঘ সময় লেগে যায়। ফলে কার্যকরভাবে কাজ করার আগেই অনেক সময় তার দায়িত্বের মেয়াদ শেষ হয়ে আসে।
মানববন্ধন থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যোগ্য শিক্ষককে ট্রেজারার হিসেবে নিয়োগ দিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান জানানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.