অশোক মুখার্জি, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধ হারিছ আহম্মদ মজিবুর হত্যা মামলার এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন কলাপাড়া উপজেলার মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামের ইউনুস মিয়ার ছেলে মো. ছারোয়ার (৩৫) এবং একই এলাকার মৃত মোজাহারের ছেলে মো. সালেক (৪০)।
র্যাব-৮ পটুয়াখালী এবং র্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্পের যৌথ অভিযানে শুক্রবার (২৪ জুলাই) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।
রোববার (২৬ জুলাই) দুপুরে র্যাব-৮-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার জুলকুড়ি উত্তরপাড়া এলাকা থেকে হত্যা মামলার পলাতক আসামি সালেককে এবং পূর্বাচল ক্যাম্পের সহায়তায় ঢাকার গুলশান থানার আজাদ মসজিদ এলাকা থেকে মো. ছারোয়ারকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত ১৯ জুলাই বিরোধপূর্ণ জমিতে চাষাবাদে বাধা দেওয়াকে কেন্দ্র করে একদল লোক বৃদ্ধ হারিছ আহম্মদকে হাত-পা বেঁধে মারধর করে এবং মাটিতে পুঁতে রাখে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। তাকে উদ্ধার করতে গেলে বাড়ির নারী সদস্যদেরও মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
প্রায় দুই ঘণ্টা পর স্থানীয় চৌকিদার ও এলাকাবাসী তাদের উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় হারিছ আহম্মদকে প্রথমে আমতলী হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছেলে সাইফুল ইসলাম বাবুল বাদী হয়ে খলিল মিয়াকে প্রধান আসামি করে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০ জনের বিরুদ্ধে ২১ জুলাই মহিপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম হাওলাদার জানান, র্যাবের হাতে গ্রেপ্তার দুই আসামির মধ্যে একজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামিকে ঢাকায় থেকে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.