ফেনী প্রতিনিধি
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, আগামী কিছুদিনের মধ্যেই দেশে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। এ লক্ষ্যে বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে সরকার কাজ করছে।
রোববার (২৬ জুলাই) ফেনীর সোনাগাজীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারেই কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি গুরুত্বসহকারে উল্লেখ রয়েছে। ইতোমধ্যে সংসদে বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যাক্ট পাস হয়েছে, যাতে দেশে বিনিয়োগ বৃদ্ধি পায় এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়।
তিনি বলেন, “যদি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা না হয়, তাহলে আমাদের শিক্ষিত তরুণ-তরুণীরা কোথায় যাবে? কর্মসংস্থান বাড়াতে হলে ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং দেশি-বিদেশি বিনিয়োগ নিশ্চিত করতে হবে।”
সকালে তিনি উপজেলার চরমজলিশপুর, বগাদানা ও মতিগঞ্জ ইউনিয়নে তিনটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন। বিকেলে স্থানীয় সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ এবং মনগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন।
পরে জেলা কৃষক দলের আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সরকারের দায়িত্ব। মুছাপুর রেগুলেটর নির্মাণ, লালপুল ফ্লাইওভার এবং রাম্তাঘাট উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকার কাজ করছে। তিনি জানান, আগামী একনেক সভায় মুছাপুর রেগুলেটর প্রকল্প উপস্থাপন করা হবে।
অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা কৃষক দলের সভাপতি জসিম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদিন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঁইয়া, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজান উদ্দিন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশীদ আলম ভূঁইয়াসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া উন্নয়ন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারজান হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) এবং সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.