দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় সাত দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান।
উদ্বোধনের আগে ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কালেক্টরেট চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। তবে শুধু গাছ লাগালেই হবে না, নিয়মিত পরিচর্যার মাধ্যমে সেগুলো সংরক্ষণ করতে হবে। তিনি বলেন, ফলমূল খেলে শরীর সুস্থ থাকে এবং শিশুদের ছোটবেলা থেকেই বৃক্ষ ও পরিবেশ সম্পর্কে সচেতন করে তুলতে হবে।
কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়ার উপপরিচালক কৃষিবিদ ড. মো. শওকত হোসেন ভূঁইয়া, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, কুষ্টিয়ার বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল আলম এবং বিভিন্ন নার্সারির মালিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
কুষ্টিয়া জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় ৩০টি স্টলে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। মেলাটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.