মো.রুহুল আমিন রাজু,মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে জামালপুরের মেলান্দহে আন্তঃবিদ্যালয় দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে মেলান্দহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
প্রথম ও দ্বিতীয় রাউন্ডের বিতর্কের বিষয় ছিল, “দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতার চেয়ে আইনের কঠোর প্রয়োগই বেশি কার্যকর।” আর চূড়ান্ত পর্বের বিষয় ছিল, “শিক্ষা প্রতিষ্ঠানে সততা চর্চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ভিত্তি।” যুক্তি, তথ্য ও বিশ্লেষণভিত্তিক প্রাণবন্ত উপস্থাপনায় প্রতিযোগী শিক্ষার্থীরা দুর্নীতির কুফল এবং নৈতিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন।
মেলান্দহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাজী আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) জামালপুর-শেরপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. আতিউর রহমান।
বিশেষ অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন দুদকের উপপরিদর্শক তওহিদুল ইসলাম, মেলান্দহ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজাদুর রহমান ভূঁইয়া, মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল কুদ্দুস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি আসালত জামান, সাধারণ সম্পাদক রুবাইয়াত বিন ইসলাম প্রতীক, বিশিষ্ট সাংবাদিক মো. রুহুল আমিন রাজু এবং কমিটির সদস্য আসাদুজ্জামান ও রকিবুল ইসলাম রাসেল।
প্রতিযোগিতায় উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের বিতার্কিক দল অংশ নেয়। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও যুক্তিনির্ভর এ প্রতিযোগিতায় মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টনকি জুবাইদা জব্বার উচ্চ বিদ্যালয় রানার-আপ হয়।
প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার তুলে দেন।
এ সময় বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে নতুন প্রজন্মের মধ্যে সততা, ন্যায়নিষ্ঠা, জবাবদিহিতা ও দেশপ্রেমের মূল্যবোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই। শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত এ ধরনের বিতর্ক, আলোচনা ও সচেতনতামূলক কর্মসূচি শিক্ষার্থীদের নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেলান্দহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি ও বিশিষ্ট সাংবাদিক দিলরুবা ইয়াসমিন রুমা। সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.