সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার ও মানহানিকর পোস্ট প্রকাশের অভিযোগে বাগেরহাট সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক মো. কামরুজ্জামান শিমুল।
জিডি সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই বিকেল আনুমানিক ৪টার দিকে নিজ বাসায় অবস্থানকালে তিনি তার ব্যবহৃত ফেসবুক আইডিতে প্রবেশ করে দেখতে পান, "Nagorik Pulse//নাগরিক পালস" নামের একটি ফেসবুক আইডি থেকে তার এবং সাংবাদিক আব্দুল্লাহ আল ইমরানের ছবি ব্যবহার করে মানহানিকর তথ্যসংবলিত একটি পোস্ট প্রকাশ করা হয়েছে।
ওই পোস্টে তাদের বিরুদ্ধে ‘হানি ট্র্যাপ’ পরিচালনা এবং দীর্ঘদিন ধরে চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন কামরুজ্জামান শিমুল। তিনি বলেন, এ ধরনের অপপ্রচার তার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি সমাজে তাকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা।
তিনি আরও জানান, বিভিন্নভাবে চেষ্টা করেও ওই ফেসবুক আইডির প্রকৃত পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। একই আইডি থেকে ভবিষ্যতেও তার বিরুদ্ধে অপপ্রচার চালানোর আশঙ্কা রয়েছে বলেও তিনি জিডিতে উল্লেখ করেছেন।
এ ঘটনায় ভবিষ্যৎ আইনগত সুরক্ষার স্বার্থে তিনি বাগেরহাট সদর থানায় জিডি নং-১৪৩২ (তারিখ: ২৭ জুলাই ২০২৬) দায়ের করেন।
বাগেরহাট সদর থানার ডিউটি অফিসার মো. আল মাসুদ জিডি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগটি নথিভুক্ত করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, স্থানীয় সাংবাদিক মহল সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ও মানহানিকর প্রচারণার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা দ্রুত জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.