সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের আলোচিত আইনজীবী, সাবেক ছাত্রদল নেতা ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত হত্যাকাণ্ডের ৫০ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত চারজনকে আটক করেছে বাগেরহাট জেলা পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেল ৩টায় বাগেরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
পুলিশ সুপার জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় বাগেরহাট জেলা পুলিশের বিভিন্ন ইউনিট অভিযানে অংশ নিয়ে সন্দেহভাজন চারজনকে আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তিদের একজন হত্যাকাণ্ডের আগে থেকেই নিহত শান্তর সঙ্গে মোটরসাইকেলে ছিলেন। আটক চারজনের বাড়ি বাগেরহাট সদর উপজেলার মির্জাপুর এলাকায়।
উল্লেখ্য, গত শনিবার (২৫ জুলাই) গভীর রাতে অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত চেম্বার থেকে বাড়ি ফেরার পথে বাগেরহাট শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় একদল দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে রোববার (২৬ জুলাই) বাগেরহাট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.