স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকায় নিবন্ধন বহির্ভূত সার মজুত রাখার অভিযোগে বিসিআইসি ও বিএডিসির অনুমোদিত সার ডিলার মেসার্স আর এস এন্টারপ্রাইজের মালিক সুভাশিষ কুন্ডুকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ সালমান জামান উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ সালমান জামান জানান, উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ উদ্যোগে নিয়মিত তদারকির অংশ হিসেবে মেসার্স আর এস এন্টারপ্রাইজের গুদামে অভিযান চালানো হয়। হিসাব অনুযায়ী গুদামে ২৩০ বস্তা এমওপি সার থাকার কথা থাকলেও সেখানে ২৮১ বস্তা পাওয়া যায়। অর্থাৎ নিবন্ধনের বাইরে অতিরিক্ত ৫১ বস্তা এমওপি সার মজুত ছিল। এছাড়া আরও ৮ বস্তা ডিএপি সারও নিবন্ধনের বাইরে মজুত রাখা হয়েছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা জানান, সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী নিবন্ধন বহির্ভূত সার মজুত রাখার অপরাধে ডিলারকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
তিনি আরও বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সার সরবরাহে স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.