ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী রমা বিশ্বাসকে (২৫) শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী মনোজিত সরকারকে (৪৩) আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার সম্পূর্ণ অর্থ নিহতের পরিবারকে দেওয়ার জন্য ফরিদপুরের জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৭ জুলাই) বিকেলে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর ছয় আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালে ফরিদপুরের মধুখালী উপজেলার কলাইকান্দা গ্রামের মনোজিত সরকারের সঙ্গে জারজননগর গ্রামের রমা বিশ্বাসের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে রমার ওপর চাপ সৃষ্টি করা হয়। বিভিন্ন সময়ে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার দেওয়ার পরও ২০১৮ সালে মনোজিত আরও এক লাখ টাকা যৌতুক দাবি করেন।
যৌতুকের টাকা দিতে ব্যর্থ হওয়ায় ২০১৮ সালের ২০ এপ্রিল নাইলনের রশি দিয়ে রমা বিশ্বাসকে শ্বাসরোধে হত্যা করা হয়। ঘটনাটি আত্মহত্যা হিসেবে প্রচারের চেষ্টা করা হলেও ময়নাতদন্ত প্রতিবেদনে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রমাণিত হয়।
পরে নিহতের বাবা রঞ্জন বিশ্বাস ২০১৮ সালের ১০ মে মধুখালী থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, যৌতুকের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে আদালতের এই রায় একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.