নওগাঁ প্রতিনিধি
ভুয়া এমপিওভুক্তির আবেদন পাঠানোর অভিযোগে নওগাঁর ধামইরহাট সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রবিউল ইসলামের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে তার এমপিওভুক্ত বেতন-ভাতা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং কেন তা স্থায়ীভাবে বন্ধ করা হবে না, সে বিষয়ে তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে এ কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬ অনুযায়ী গঠিত এমপিও বাছাই ও অনুমোদন কমিটি জুলাই মাসের নতুন এমপিও আবেদন যাচাই-বাছাইয়ের সময় ধামইরহাট সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার আয়া পদে নিয়োগসংক্রান্ত আবেদনে গুরুতর অনিয়মের প্রমাণ পায়।
অধিদপ্তরের দাবি, মহাপরিচালকের প্রতিনিধির নামে জাল চিঠি তৈরি, ভুয়া নিয়োগ বোর্ড গঠন, ফলাফল শিট প্রস্তুত এবং প্রতিনিধির স্বাক্ষর জাল করে সুরাইয়া আক্তার পুতুলের এমপিও আবেদন পাঠানো হয়েছে। যাচাই-বাছাই শেষে কমিটি আবেদনটি বাতিলের সুপারিশ করে।
এ ঘটনায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬-এর ১৮.১ (গ) ও (ঙ) অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রবিউল ইসলামের এমপিও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে কেন তার এমপিও স্থায়ীভাবে বাতিল করা হবে না, সে বিষয়ে আগামী তিন কর্মদিবসের মধ্যে সন্তোষজনক লিখিত জবাব দিতে বলা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে তার এমপিও স্থায়ীভাবে বাতিল করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে অধ্যক্ষ মো. রবিউল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.