পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় জেলার মডেলহাট থেকে তালমা বাজার পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে রাস্তার একাংশ দখল করে পাথর ও বালু লোড-আনলোডের কার্যক্রম চলায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এতে যান চলাচলে বিঘ্ন, দীর্ঘ যানজট, ধুলাবালি এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়দের দাবি, সড়কের পাশে এবং অনেক ক্ষেত্রে রাস্তার ওপর ট্রাক দাঁড় করিয়ে পাথর ও বালু ওঠানামা করানো হয়। ফলে সড়ক সংকুচিত হয়ে যানবাহন চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। ব্যস্ত সময়ে যানজটের পাশাপাশি পথচারীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকাবাসী জানান, স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং জরুরি রোগীবাহী যানবাহনও এ কারণে সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছে না। প্রতিদিনই ভোগান্তির পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে হচ্ছে।
স্থানীয় সচেতন মহলের অভিযোগ, শুধু মডেলহাট-তালমা সড়কেই নয়, পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকাতেই একই চিত্র দেখা যায়। সড়ক দখল করে নির্মাণসামগ্রী লোড-আনলোডের কারণে সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ছোট-বড় দুর্ঘটনার ঘটনাও বাড়ছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয় বলেও অভিযোগ তাদের।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা প্রশাসন ও সড়ক বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তারা অবৈধভাবে সড়ক দখল বন্ধ, নিয়মিত তদারকি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নিরাপদ ও স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.