মনিরামপুর (যশোর) প্রতিনিধি
"করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের মনিরামপুরে তিন দিনব্যাপী ফল মেলা-২০২৬ শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সম্রাট হোসেন। আগামী ৩০ জুলাই পর্যন্ত মেলা চলবে।
উপজেলা কৃষি অফিসের বাস্তবায়নে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার বীথী। তিনি স্বাগত বক্তব্যে বলেন, ফল শুধু খাদ্য নয়, এটি পুষ্টি, সুস্বাস্থ্য ও অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম উৎস। আধুনিক প্রযুক্তিনির্ভর ফল চাষ, সংরক্ষণ ও বাজারজাতকরণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. সম্রাট হোসেন বলেন, একটি ফলের গাছ একটি পরিবারের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বাড়ির আঙিনা ও পতিত জমিতে ফলের গাছ লাগানোর আহ্বান জানান এবং উৎপাদনের পাশাপাশি সংরক্ষণ ও বাজারজাতকরণে গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান এবং পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস।
এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, কৃষক প্রতিনিধি ও স্থানীয় সুধীজন অনুষ্ঠানে অংশ নেন।
মেলায় বিভিন্ন জাতের দেশীয় ও বিদেশি ফল, ফলের চারা, আধুনিক ফল চাষ প্রযুক্তি, ফল সংরক্ষণ পদ্ধতি এবং কৃষি উদ্ভাবনের বিভিন্ন দিক প্রদর্শন করা হচ্ছে। আয়োজকদের আশা, এ মেলা কৃষকদের আধুনিক ফল চাষে উৎসাহিত করার পাশাপাশি পুষ্টি নিরাপত্তা ও কৃষির টেকসই উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.