কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে দৈনিক পত্রদূত পত্রিকার কয়রা প্রতিনিধি জি এম রিয়াজুল আকবরকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি কয়রা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই আমাদী ইউনিয়নের খেওয়া গ্রামে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই মানববন্ধনের সংবাদ ১৬ জুলাই দৈনিক পত্রদূত পত্রিকায় প্রকাশিত হওয়ার পর থেকে খেওয়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে মো. হাফিজুর রহমান (মন্টু) ও মো. লতিফুর রহমান (লান্টু) সাংবাদিক রিয়াজুল আকবরকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২৭ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে পেশাগত দায়িত্ব পালনকালে দক্ষিণ খেওয়া গ্রামের একটি কালভার্টের কাছে পৌঁছালে অভিযুক্তরা তার পথরোধ করেন। এ সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রতিবাদ করলে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে মারধরের চেষ্টা করেন। এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত মো. হাফিজুর রহমান (মন্টু) ও মো. লতিফুর রহমান (লান্টু)-এর বক্তব্য নেওয়ার জন্য মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
কয়রা থানার জিডির তদন্তকারী কর্মকর্তা এএসআই মো. আব্দুর রহিম বলেন, "জিডির কপি পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.