অশোক মুখার্জি,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা এবং এর আওতাধীন সকল সরকারি ও জনসেবামূলক স্থাপনাকে সৌরবিদ্যুতের আওতায় এনে পরিচ্ছন্ন জ্বালানিনির্ভর শহর গড়ে তোলার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) কলাপাড়া পৌরসভা চত্বরে পরিবেশবাদী সংগঠন প্রান্তজন ট্রাস্ট, ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (FED) বরিশাল, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (CLEAN) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (BWGED)-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বিভিন্ন পরিবেশকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। পরে কলাপাড়া পৌর প্রশাসকের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয়। পৌর প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন পৌর নির্বাহী কর্মকর্তা কাব্য লাল চক্রবর্তী।
মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-পটুয়াখালীর আহ্বায়ক অমল মুখার্জি। বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব মো. নজরুল ইসলাম, সদস্য মেজবাহউদ্দিন মান্নান, নুরুল হক, নাজমুস সাকিব, এসএসডিপির নির্বাহী পরিচালক মো. হাবিবুর রহমান এবং প্রান্তজনের ফিল্ড কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে হবে। কলাপাড়া পৌরসভার বাসস্ট্যান্ড, যাত্রীছাউনি, পার্ক, লেকের ওয়াকওয়ে, প্রশাসনিক ভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করলে বিদ্যুৎ ব্যয় কমবে এবং উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে পৌরসভার আয়ের নতুন উৎস সৃষ্টি হবে।
তারা আরও বলেন, নেট মিটারিং সুবিধার কার্যকর ব্যবহার নিশ্চিত করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এতে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ কমবে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস পাবে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দেশের অঙ্গীকার বাস্তবায়ন সহজ হবে।
মানববন্ধন থেকে দ্রুত একটি সমন্বিত ‘পৌরসভা সোলার কর্মপরিকল্পনা’ প্রণয়ন, পৌরসভার আওতাধীন উপযুক্ত সব সরকারি স্থাপনা ও জনসেবামূলক অবকাঠামোকে পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের আওতায় আনা এবং কলাপাড়াকে পরিচ্ছন্ন জ্বালানিনির্ভর পৌরসভা হিসেবে গড়ে তোলার দাবি জানানো হয়।
বক্তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ ব্যয় নয়, বরং এটি ভবিষ্যতের জন্য লাভজনক, পরিবেশবান্ধব ও টেকসই উদ্যোগ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.