ঝালকাঠি প্রতিনিধি
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতন করে তুলতে ঝালকাঠিতে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটির আয়োজনে এবং জেলা তথ্য অফিসের সহযোগিতায় বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় ঝালকাঠি উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটির সভাপতি মো. উজ্জ্বল রহমানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে শামীম তালুকদার বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; ব্যক্তি, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি শিক্ষা, সচেতনতা এবং সামাজিক অংশীদারিত্বের মাধ্যমে ডেঙ্গুমুক্ত ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন ঝালকাঠি উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম আসিসুর রহমান পলাশ।
কর্মসূচিতে ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক হাবিবা খাতুন হিরা শিক্ষার্থীদের সামনে ডেঙ্গুর কারণ, এডিস মশার প্রজননস্থল, রোগের লক্ষণ, বিপদসংকেত এবং প্রতিরোধের উপায় তুলে ধরেন।
এ সময় শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে অন্তত একদিন নিজ নিজ বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের জমে থাকা পানি পরিষ্কার করে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার আহ্বান জানানো হয়। পাশাপাশি মশার কামড় থেকে সুরক্ষিত থাকার বিভিন্ন উপায়ও তুলে ধরা হয়।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং নিজ নিজ পরিবার ও সমাজে সচেতনতার বার্তা পৌঁছে দিতে তাদের উদ্বুদ্ধ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.