কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া উপজেলায় সৌদি প্রবাসী বাবুল হোসেন ও তাঁর পরিবারের বিরুদ্ধে দায়ের করা একটি মামলাকে মিথ্যা দাবি করে এবং হয়রানির অভিযোগ তুলে প্রতিবাদ সমাবেশ করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলার তেতৈয়া গ্রামের মোল্লা মার্কেট এলাকায় আয়োজিত এ সমাবেশে বক্তারা মামলার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচারের দাবি জানান।
প্রবাসী বাবুল হোসেন ও তাঁর স্ত্রী মিশু মুক্তা অভিযোগ করেন, গিয়াস উদ্দিন তাঁদের কাছ থেকে ১২ শতাংশ জমি বিক্রির কথা বলে তিনটি বায়না স্ট্যাম্পের মাধ্যমে ১১ লাখ ৯০ হাজার টাকা নেন। পরে জমি রেজিস্ট্রি না করে বিভিন্ন অজুহাত দেখাতে থাকেন। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ হলেও কোনো সমাধান হয়নি। বরং তাঁদের বিরুদ্ধে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে দাবি করেন তারা।
তাঁদের ভাষ্য অনুযায়ী, গত ২৩ জুন চাঁদপুরের একটি আদালতে তাঁদের দুজন এবং বাবুল হোসেনের শাশুড়িকে আসামি করে মামলা করা হয়। পরে তাঁরা গ্রেপ্তার হয়ে প্রায় এক সপ্তাহ কারাভোগ করেন। বাবুল হোসেনের দাবি, মামলায় উল্লেখিত ঘটনার সময় তাঁরা ঢাকায় অবস্থান করছিলেন এবং গিয়াস উদ্দিন প্রকৃতপক্ষে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন। সেই ঘটনাকে কেন্দ্র করেই তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সমাবেশে উপস্থিত হয়ে মামলার সাক্ষী হিসেবে উল্লেখ থাকা আলমগীর হোসেন দাবি করেন, তাঁকে না জানিয়ে মামলায় সাক্ষী করা হয়েছে। তিনি বলেন, অভিযোগে উল্লেখিত হামলার ঘটনা সম্পর্কে তাঁর কোনো জানা নেই।
স্থানীয় বাসিন্দাদের কয়েকজনও অভিযোগ করেন, ঘটনাটি প্রকৃতপক্ষে হামলার নয় এবং মামলাটি সুষ্ঠুভাবে তদন্ত করা হলে সত্য উদঘাটিত হবে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ তদন্ত এবং আদালতের মাধ্যমে ন্যায়বিচারের দাবি জানান।
এদিকে একই দিনে প্রবাসী বাবুল হোসেন ও তাঁর পরিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে বিষয়টি প্রশাসনের নজরে আনার আহ্বান জানান।
তবে এ বিষয়ে অভিযুক্ত গিয়াস উদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে সংবাদ প্রকাশ পর্যন্ত যোগাযোগ সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.