জামালপুর প্রতিনিধি
জামালপুর সদর উপজেলায় চকলেটের লোভ দেখিয়ে ১০ বছরের এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে হারুন অর রশিদ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকালে তাকে আটক করা হয়।
পুলিশ ও পরিবারের সূত্রে জানা যায়, গতকাল বুধবার (২৯ জুলাই) দুপুর ৩টার দিকে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের দড়ি হামিদপুর এলাকার ইউসুফ খানের ছেলে হারুন অর রশিদ পাশের বাড়ির ভুক্তভোগী শিশুকে চকলেট কিনে দেওয়ার লোভ দেখিয়ে নিজ ঘরে নিয়ে যায়। পরে শিশুর মা তাকে খুঁজতে বাড়ির পাশের মাঠে গেলে অন্য শিশুরা জানায় যে হারুন তাকে তার বাড়িতে নিয়ে গেছে। শিশুর মা হারুনের বাড়িতে গেলে তিনি প্রথমে অস্বীকার করেন। পরে মা তার কথা না শুনে ঘরে ঢুকে দেখতে পান শিশুটি বিবস্ত্র অবস্থায় শুয়ে আছে। তখন তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এসে জড়ো হয়।
শিশুর বাবা ব্যবসার কাজে ঢাকায় থাকায় বুধবার তাকে হাসপাতালে নেওয়া হয়নি। আজ বৃহস্পতিবার বিকালে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। একই সঙ্গে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযুক্ত হারুন অর রশিদকে আটক করে থানায় নিয়ে আসে।
জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শামীম বলেন, “এমন একজন রোগী আমাদের এখানে এসেছে। তার চিকিৎসা চলছে।”
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, তিনি সে সময় বাইরে ছিলেন। বিষয়টি তদন্তে নিয়োজিত সাব-ইন্সপেক্টর মুস্তাফিজুর রহমান জানান, অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.