ঝালকাঠি প্রতিনিধি
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝালকাঠির ঐতিহ্যবাহী ভিমরুলি পেয়ারা বাজারে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটির আয়োজনে এবং জেলা তথ্য অফিসের সহযোগিতায় এ ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল জলিল। বিশেষ অতিথি ছিলেন পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মু'মেন, পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন, ঝালকাঠি জেলা তথ্য অফিসের তথ্য অফিসার লেলিন বালা এবং ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটির সভাপতি মো. উজ্জ্বল রহমান।
এ সময় ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটির নেতৃবৃন্দ, জেলা তথ্য অফিসের কর্মকর্তাবৃন্দ, বাজারের ব্যবসায়ী, নৌযান চালক, স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটির সভাপতি মো. উজ্জ্বল রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমিয়ে একটি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলা সম্ভব।
প্রধান অতিথি আবদুল জলিল বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হতে হবে। তিনি ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান। বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক লিফলেট বিতরণ করা হয় এবং নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.