সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চিংড়ি ও শুঁটকি উদ্ধার করেছে বন বিভাগ। এ সময় অবৈধভাবে নির্মিত তিনটি শুঁটকি তৈরির মাচা (টংঘর) ধ্বংস করা হয়। তবে অভিযানে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, বর্তমানে সুন্দরবনে তিন মাসের প্রবেশ নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এ সুযোগে এক শ্রেণির অসাধু জেলে বনরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে চরাপুটিয়ার দুর্গম বনাঞ্চলে শুঁটকি তৈরির মাচা নির্মাণ করে সংরক্ষিত বনের খালে বিষ প্রয়োগ করে চিংড়ি মাছ ধরে শুঁটকি তৈরি করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় চরাপুটিয়া টহল ফাঁড়ির আওতাধীন কাগা খাল, ইন্দুরকানী খাল ও হরমাল খাল এলাকায় অভিযান চালায় বনরক্ষীরা। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত জেলেরা বনাঞ্চলের ভেতরে পালিয়ে যায়।
অভিযানে তিনটি শুঁটকি মাচা ভেঙে দেওয়া হয়। একই সঙ্গে পাঁচ বস্তা তাজা চিংড়ি, দুই বস্তা শুঁটকি চিংড়ি, দুটি টুনা জাল, দুই লিটার কীটনাশক, তিন বস্তা চাল এবং দুটি নৌকা জব্দ করা হয়।
ডিএফও মো. রেজাউল করিম চৌধুরী জানান, পালিয়ে যাওয়া বন অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে সুন্দরবনে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে মাছ আহরণ ও শুঁটকি তৈরির বিরুদ্ধে বন বিভাগের কঠোর অভিযান চলবে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.