রুয়েট প্রতিনিধি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ডিবেটিং ক্লাবের আয়োজনে দুই দিনব্যাপী ‘রুয়েটডিসি আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিতর্ক সংসদের ‘সিইউডিএস এ’ দল।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদী চিন্তাচর্চা, বিশ্লেষণী দক্ষতা ও বুদ্ধিবৃত্তিক বিনিময়কে উৎসাহিত করতে আয়োজিত এ প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ২৮টি দল অংশ নেয়। প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ব্রিটিশ পার্লামেন্টারি (বিপি) পদ্ধতিতে।
প্রথম দিন (৩১ জুলাই) রুয়েটের স্থাপত্য বিভাগ ভবনে নিবন্ধন ও চারটি প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয়। পরে সেমিফাইনাল শেষে দ্বিতীয় দিন (১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ২১৭ নম্বর কক্ষে ফাইনাল অনুষ্ঠিত হয়।
চূড়ান্ত পর্বের বিতর্কের বিষয় ছিল, “এই সংসদ ‘এশিয়ান স্প্রিং’-এর উত্থানে অনুতপ্ত।”
ফাইনালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘সিইউডিএস এ’ দলের মেহরাব মিজান ও ইরফান অপূর্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। রানারআপ হয় ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্ক সংসদের ‘ডিইউডিএস স্বোপার্জিত স্বাধীনতা’ দল। দলটির সদস্য ছিলেন আহমেদ রাকিবুল ইসলাম ও ধীমান বিশ্বাস।
প্রতিযোগিতার ফাইনালের সেরা বিতার্কিক এবং টুর্নামেন্টের সেরা বিতার্কিক নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের সদস্য ইরফান অপূর্ব।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আখতার হোসেন, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ. এম. রাসেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়েট ডিবেটিং ক্লাবের উপদেষ্টা ও কম্পিউটার প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক আজমাইন ইয়াক্বীন সৃজন।
সমাপনী বক্তব্যে রুয়েট ডিবেটিং ক্লাবের সভাপতি মো. তানভির হাসান বলেন, “যুক্তির চর্চা ও বিকাশকে সামনে রেখে গত সাত বছরের ধারাবাহিকতায় এবারও ‘রুয়েটডিসি আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন করা হয়েছে। সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অংশ নেওয়া সব প্রতিযোগী, বিচারক, শিক্ষক, স্বেচ্ছাসেবক ও ক্লাব সদস্যদের সহযোগিতায় আয়োজনটি সফল হয়েছে।”
আয়োজকরা জানান, এ ধরনের আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তাচর্চা, নেতৃত্ব, দলগত সমন্বয় এবং সমসাময়িক বিষয়ে বিশ্লেষণী দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.