ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দলিলপুর গ্রামে সামাজিক বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় প্রায় ৩০টি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর এবং মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। শনিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, বিরোধে জড়িত উভয় পক্ষই বিএনপির সমর্থক।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দলিলপুর গ্রামে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার ও সামাজিক বিরোধ নিয়ে কাদের মেম্বার ও একই গ্রামের আবু শেখের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়। অভিযোগ রয়েছে, মামলার আসামিরা এলাকা ছাড়ার পর শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আবু শেখের নেতৃত্বে একদল লোক ঢাল, সড়কি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে কাদের মেম্বারের সমর্থকদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। হামলাকারীরা প্রায় ৩০টি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করে এবং মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
হামলায় নারীসহ সাতজন গুরুতর আহত হন। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কাদের মেম্বার অভিযোগ করে বলেন, সামাজিক বিরোধের জেরে দীর্ঘদিন ধরে আবু শেখের সঙ্গে বিরোধ চলছিল। সেই বিরোধের ধারাবাহিকতায় গভীর রাতে তার সমর্থকদের বাড়িঘর ও দোকানপাটে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।
অভিযোগের বিষয়ে আবু শেখের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, হামলার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ অবস্থান করছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.