রাজশাহী প্রতিনিধি
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। দলীয় প্রভাবমুক্ত হয়ে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও মানবিক পুলিশ বাহিনী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে জনগণের আস্থা অর্জন করতে হবে।”
রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের প্রথম পর্যায়ের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ডিজিটাল অপরাধ দমন ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে কারিগরি দক্ষতা অর্জনের পাশাপাশি সাধারণ মানুষের অকৃত্রিম বন্ধু ও সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। তিনি বলেন, বিগত সরকারের আমলে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই সেবা নিতে এসে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে মানুষের যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে পুলিশকে দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালন করতে হবে।
গত ১ ফেব্রুয়ারি ২০২৬ শুরু হওয়া ছয় মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণে ৫৮ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। প্রশিক্ষণ শেষে পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে আয়োজিত সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এছাড়া সংসদ সদস্য শফিকুল হক মিলন ও আবু সাইদ চাঁদ, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির, বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ জি এম আজিজুর রহমানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কর্মজীবনে যাত্রা শুরু করেন ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের নবীন কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.